Chaitanya, the first figure of the Bengal Renaissance.
বাংলার জাগরণের দুই অধ্যায় ও কিছু প্রাসঙ্গিক কথা পার্থসারথি চৌধুরী জাগরণ শব্দটির মধ্যে উজ্জীবন ও ফিরে দেখা , পুরনোকে নতুন করে বা সময়োপযোগী করে দেখার এক মহৎ প্রবৃত্তি আমরা লক্ষ্য করি । তাছাড়াও ঐতিহাসিক ছন্দে ও কাল - পরিক্রমায় ‘ জাগরণ ’ মানুষকে সব কিছুকেই নতুন করে ভাবাতে শেখায় । প্রচলিত নিয়ম ও ঐতিহাসিক প্রক্রিয়াকে মানুষ নানাভাবে প্রশ্ন করে । এভাবেই শুরু হয় মূল্যায়ন প্রক্রিয়া ও ‘ জাগরণের ’ ঐতিহাসিক নির্মাণ । বাংলাদেশে পঞ্চদশ ও উনিশ শতকে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগত ভীষণ ভাবে আলোড়িত হয়েছিল । প্রথমটি শ্রী চৈতন্যের বৈষ্ণব আন্দোলনের মাধ্যমে ও দ্বিতীয়টি রামমোহনের হাত ধরে । পরবর্তীতে আরও অনেক মানুষ একে নানা ভাবে বিকশিত করেছেন , তবে উনিশ শতকের জাগরণের বিকাশ ও পরিণত পর্বে নানা বৈপরীত্যের কথা আমরা জানি , সেই ইতিহাস পর্যালোচনা করার জায়গা এটা নয় , এ বিষয়ে বহু গবেষণা সন্দর্ভ প্রকাশিত হয়েছে । আমি আমার আলোচনা মূলত : এই দুই জাগরণের চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ রাখার...